বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে নিজেদের দলের ইশতেহার জনগণের সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই বার্তা দেন।
ডা. শফিকুর রহমান বলেন,
“প্রিয় তারেক রহমান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বৈধতা প্রতিষ্ঠিত হয়। ন্যায্যতা ও জনগণের আস্থা ছাড়া কোনো ফলাফল মানুষের আস্থা অর্জন করতে পারে না।”
তিনি জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তাও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী,
“আমাদের দায়িত্ব হলো তরুণ প্রজন্মকে দেখানো—রাজনীতি ভদ্র, সহনশীল ও সংঘাতহীন হতে পারে। আসুন, আমরা গণমাধ্যম ও জনসমালোচনার মুখোমুখি হয়ে দাঁড়াই এবং ভবিষ্যৎ শাসনব্যবস্থার জন্য এমন একটি মানদণ্ড স্থাপন করি, যা সমালোচনার প্রতি উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ হবে।”
জামায়াত আমির বলেন,
“আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেয়ার আমন্ত্রণ জানাচ্ছি—যেখানে আমরা দু’জনই জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করব এবং জনগণই সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও যোগ করেন,
“আসুন, আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করি—যেখানে সবাই মিলে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করি।”
Leave a Reply
You must be logged in to post a comment.