সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে বাংলাদেশের সুপ্রিম কোর্ট–এর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ৭৪ পৃষ্ঠার এই রায় লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে গত ২০ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায় ঘোষণা করেছিলেন।
বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম চালু হয় ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তবে ২০১১ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট–এর আপিল বিভাগ ওই ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে।
পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০১১ সালের সেই রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। এরপর সর্বোচ্চ আদালত নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের আগের রায়কে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেওয়া হয়।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন— মোঃ আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী , মোঃ রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান এবং ফারাহ মাহবুব।
এই রায়ের মাধ্যমে বাংলাদেশে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় কার্যকর হওয়ার পথ সুগম হয়েছে বলে মনে করছেন আইন বিশ্লেষকরা।
Leave a Reply
You must be logged in to post a comment.