দারুণ সূচনা করেও যেন দিশেহারা জুভেন্টাস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ ড্রয়ের পর এবার হারের মুখ দেখল সেরি আ’য় রেকর্ড চ্যাম্পিয়নরা। রোববার (১৯ অক্টোবর) কোমোর মাঠে ২-০ গোলে পরাজিত হয় তুরিনের জায়ান্টরা।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। চতুর্থ মিনিটে মার্ক-অভিভারের গোলে এগিয়ে যায় কোমো। এরপর দ্বিতীয়ার্ধে, ৭৯তম মিনিটে সতীর্থের পাস ধরে একক প্রচেষ্টায় দারুণ বাঁকানো শটে গোল করেন নিকো পাজ।
এই তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার চলতি মৌসুমে ইতিমধ্যেই ৪ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন—অর্থাৎ কোমোর ৯ গোলের মধ্যে ৮টিতেই তার সরাসরি অবদান!
এই জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে কোমো। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে ছয় নম্বরে নেমে গেছে জুভেন্টাস।
মৌসুমের প্রথম তিন রাউন্ডে টানা জয় পেলেও এরপর থেকেই থেমে যায় তুরিনের দলটি। ইউরোপিয়ান মঞ্চে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর লিগে একে একে হেল্লাস ভেরোনা, আতালান্তা, ভিয়ারিয়াল ও এসি মিলানের বিপক্ষে ড্র করে তারা। অবশেষে কোমোর বিপক্ষে সেই ড্রয়ের ধারার অবসান ঘটলেও তা জয়ে নয়, হারে।