পৌষের শেষ ভাগে উত্তরের জেলা পঞ্চগড়ে টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কখনো মৃদু, আবার কখনো মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে জেলাজুড়ে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
এর আগের দিন শনিবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার রেকর্ড করা হয় আরও কম, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে। তবে রাত থেকে ভোর পর্যন্ত জেলাজুড়ে ঘন কুয়াশা বিরাজ করছে। এর সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। সূর্যের আলো ছড়ানোর পর কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে জানান, শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাত ও দিনে পাহাড়ি হিম বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে।
তিনি আরও জানান, জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।