গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে (৬০) নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, টঙ্গী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজীর অপহরণের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। একজন বর্ষীয়ান আলেমের অপহরণ ঘটনাকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করেছে।
তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্দেহাতীতভাবে দায়ী করার মতো পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ মেলেনি বলে জানিয়েছে জিএমপি। প্রতিষ্ঠানটি তদন্তে সবার সহযোগিতা কামনা করেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট সবাইকে।
এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকা থেকে গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় এবং বিবস্ত্র অবস্থায় মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।