সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জ্বালানি সাশ্রয় ও কৃচ্ছতা সাধনের লক্ষ্যে এবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ সচিবালয়–এ স্বাধীনতা দিবসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবসগুলোতে সাধারণত আলোকসজ্জা করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট এড়াতে এবং সাশ্রয়ের জন্য এ বছর এই আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আলাদা বৈঠক হয়েছে। বিশেষ করে গার্মেন্টস খাত ও সড়ক পরিবহন ব্যবস্থায় যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া তিনি বলেন, গণহত্যা দিবস (২৫ মার্চ) আগের মতোই গভীর শ্রদ্ধা ও বেদনাবিধুর পরিবেশে পালন করা হবে। এতে মূল দায়িত্বে থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং নিরাপত্তা বিষয়গুলো দেখভাল করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটিয়ে হত্যার ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, “মব এক জিনিস আর স্পট ক্রাইম আরেক জিনিস। সবকিছু মব বলে গুলিয়ে ফেললে হবে না।” তিনি জানান, সরকার সব ধরনের অপরাধের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগ–এর কার্যক্রম ও ৭ মার্চের ভাষণ প্রচার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনে যেসব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাদের দৃশ্যমান কোনো কর্মসূচি এখন দেখা যাচ্ছে না। বিচ্ছিন্ন ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে।
Leave a Reply
You must be logged in to post a comment.