রাজনৈতিক জোট ভাঙনের টানাপোড়েনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি ফেসবুক পোস্ট। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দেয়া ওই পোস্টে তিনি ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন,
“ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।”
তিনি আরও লেখেন,
“অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা’আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।”
এই পোস্টটি প্রকাশের মাত্র ১৮ মিনিটের মধ্যেই পাঁচ হাজারের বেশি মন্তব্য পড়ে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করে।
মন্তব্যকারীদের মধ্যে খারিদ সাইফুল্লাহ মহিউদ্দিন লেখেন, “অনেকেই খুশি হয়েছেন। কিন্তু দু’পক্ষই ক্ষতিগ্রস্ত। লাভবান তৃতীয় পক্ষ। এ জীবনে হয়তো ইসলামী দলগুলোর এক হওয়া দেখে যেতে পারবো না।”
অন্যদিকে মো. এনামুল ইসলাম মন্তব্য করেন, “সবাই মিলে সুন্দর একটা আওয়াজ তুলছিলেন, কিন্তু শেষটা সুন্দর হয় নাই।”
এছাড়া সাইফ ইসলাম নামের এক ফেসবুক ব্যবহারকারী জোট ছাড়ার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাখ্যা দাবি করেন।
উল্লেখ্য, এর আগে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতকে দায়ী করে জোট ছাড়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, আসন সমঝোতা বা রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে কোনো পক্ষকে অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি; বরং সর্বোচ্চ স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।