সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের ৬০ ফিট এলাকার মনিপুর স্কুলের সামনে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নেয়, তাহলে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না।
পরিচ্ছন্নতা কর্মসূচির বিষয়ে তিনি বলেন, প্রতিদিন ফজরের পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ময়লা পরিষ্কার করা হবে। মিরপুর ও কাফরুল এলাকাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সরকার এ কাজে প্রয়োজনীয় অর্থায়ন (ফান্ডিং) অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, ঢাকায় অবস্থান করলে প্রতিদিন ময়লা পরিষ্কারে অংশ নেবেন এবং ঢাকার বাইরে থাকলেও সংশ্লিষ্ট এলাকায় একই ধরনের কর্মসূচি চালু রাখবেন।