জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গুলশানের বাসা থেকে রওনা হন।
এর আগে শনিবার বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন যুক্ত হওয়ায় বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।
দীর্ঘ দেড় দশক পর এমন ভূমিধস বিজয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
এদিকে তারেক রহমানের এই ঐতিহাসিক বিজয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,
“আপনার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক মোবারকবাদ। গণতান্ত্রিক উত্তরণের এই ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই স্পষ্ট রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
Leave a Reply
You must be logged in to post a comment.