চলতি ফেব্রুয়ারি মাস থেকেই সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার। দেশে বর্তমানে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন শপন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, শুধু রক্তের বিনিময়ে বারবার আন্দোলন করলেই চলবে না, দেশকে সুন্দরভাবে গড়ে তোলার পরিকল্পনাও থাকতে হবে। সে লক্ষ্যেই সরকার ক্ষমতায় আসার আগে ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছে। সরকার জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় এবং সব প্রতিশ্রুতি জনগণের কাছে স্পষ্টভাবে উপস্থাপন করেছে।
প্রশাসনের স্বকীয়তা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক পরিষ্কার না থাকলে অহেতুক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অতীতে প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করার দৃষ্টান্ত দেখা গেছে। যে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রক্ত দিয়ে পরিবর্তন আনতে হয়েছে, তা কোনো নতুন প্রশাসন করেনি—এই প্রশাসনেই তা হয়েছে।
তিনি আরও বলেন, যারা ইচ্ছাকৃতভাবে এসব কাজ করেছেন তাদের অবশ্যই চিহ্নিত করতে হবে। আর যারা অনিচ্ছায় এসব কাজে জড়িত হয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শনের কথাও উল্লেখ করেন তিনি। তা না হলে সরকার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করা সম্ভব হবে না।
Leave a Reply
You must be logged in to post a comment.