গণভোটের ফলাফলের যথাযথ প্রতিফলন হয়নি—এমন অভিযোগ তুলে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। অধিবেশনে বক্তব্য দেওয়া ও সিদ্ধান্ত নিয়ে বিরোধী দল ও সরকারের মধ্যে তীব্র বাকবিতণ্ডা দেখা যায়।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের দাবি জানিয়ে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
তিনি অভিযোগ করেন, দেশের জনগণের দেওয়া গণভোটের রায়ের যথাযথ মূল্যায়ন হয়নি এবং জনগণ কোনো প্রতিকার পায়নি। এ ধরনের অবমূল্যায়ন বিরোধী দল মেনে নেবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান।
অধিবেশনে ৭১ বিধির আওতায় ফ্লোর চাইতে গিয়ে তিনি আরও অভিযোগ করেন, আগের দিনের অধিবেশনে আইনমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলাদা কমিটি গঠনের ক্ষেত্রে সমান প্রতিনিধিত্বের কথা বলা হয়েছিল।
পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান সংক্রান্ত বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান তিনি। জবাবে স্পিকার জানান, যে বিষয়গুলোর সমাধান আইন প্রণয়নের মাধ্যমে করতে হয়, তা মুলতবি প্রস্তাবের আওতায় আনা যায় না। তবে বিরোধী দলকে সুযোগ দিতে উদারভাবে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।
এ সময় বিরোধী পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, গণভোটের রায়ের প্রতিফলন হয়নি এবং সংস্কার পরিষদের সভা আহ্বানের নোটিশকে আড়াল করতে নতুন নোটিশ আনা হয়েছে, যা সংসদে উপস্থাপন করা হয়েছে। এই অভিযোগ তুলে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতারা।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে বেসরকারি সদস্যরাও নোটিশ দিতে পারেন এবং বিরোধী দলীয় নেতার বক্তব্য সঠিক নয়।
উল্লেখ্য, এর আগেও প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।
Leave a Reply
You must be logged in to post a comment.