বিএনপি ক্ষমতায় গেলে কৃষি উন্নয়ন ও উৎপাদনশীলতা বাড়াতে নতুন করে ব্যাপক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, দেশের জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে দায়িত্ব দিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি আবারও শুরু করা হবে। তিনি স্মরণ করিয়ে দেন—জিয়াউর রহমান বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষকের সেচ ব্যবস্থা নিশ্চিত করেছিলেন, যা দেশে উৎপাদন বৃদ্ধি ও পানি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখেছিল।
তিনি আরও জানান, এক মাঠে তিন ফসল ফলানোর যে উদ্যোগ জিয়াউর রহমান নিয়েছিলেন, তা বিএনপির আগামী দিনের কৃষি পরিকল্পনায় ইতোমধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেন তিনি।
বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই রেমিট্যান্স যোদ্ধাদের বৈদেশিক কর্মসংস্থানের পথ সৃষ্টি করেছিলেন। বিএনপি আবারও প্রবাসীদের স্বার্থরক্ষা, দক্ষ জনশক্তি তৈরি এবং উন্নত কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর জোর দেবে।
তরুণদের বিষয়ে তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জন তরুণদের আয় বৃদ্ধিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে। পাশাপাশি ভাষাগত দক্ষতা থাকলে কর্মসংস্থানের সুযোগ বহুগুণে বাড়বে। দেশের মানুষের জীবনমান উন্নত করতে এসব খাতে বিএনপি ধারাবাহিকভাবে কাজ করতে চায় বলে জানান তিনি।