কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়নি দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার করা লিভ টু আপিল খারিজ করে দেওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর প্রার্থী হিসেবে থাকতে পারবেন না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ আনেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট আবেদন করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট তার আবেদন সরাসরি খারিজ করে দেন।
পরবর্তীতে তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল দায়ের করেন। ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকার ২ নম্বর আইটেম হিসেবে তার আবেদনটির শুনানি সম্পন্ন হয়।
শুনানি শেষে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায় ঘোষণা করেন। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদন খারিজ হওয়ায় কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়।
এই রায়ের ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী প্রতিযোগিতায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply
You must be logged in to post a comment.