মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাতার-এর রাজধানী দোহায় রোববার (১ মার্চ) সকালে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, শহরের বিভিন্ন এলাকায় অন্তত ১১টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের হামলায় নতুন করে আরও আটজন আহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন এলাকায় সীমিত পরিসরে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
এদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতেও কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শহরের বিভিন্ন স্থানে একাধিক ‘জোরালো’ বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তবে এসব বিস্ফোরণের উৎস ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে, ইসরাইলেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। রোববার সকালে দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত (সাইরেন) বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলার বিষয়ে সতর্ক করতেই এই সংকেত দেওয়া হয়।
ইসরাইলের রাজধানী তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা চালানো হচ্ছে।
বিশ্লেষকদের মতে, কাতার, দুবাই ও ইসরাইলে প্রায় একযোগে বিস্ফোরণ ও সতর্ক সংকেত বাজানো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আঞ্চলিক সংঘাত বড় আকার ধারণ করতে পারে—এমন আশঙ্কাও ক্রমেই বাড়ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.