সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হবে।
এ কারণে আজকের পরিবর্তে শনিবার মিছিলসহ মরদেহ কেন্দ্রীয় মসজিদে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্র-জনতার প্রতি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে বা সহিংসতার সুযোগ না পায়।
পোস্টে আরও জানানো হয়, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না। সবাইকে শৃঙ্খলা বজায় রেখে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ করা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ অবতরণ করে। পরে বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুলি তার মাথায় লাগলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।