ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতকে একেবারে ভুলে যাওয়া যেমন ঠিক নয়, তেমনি অতীত নিয়েই পড়ে থাকলেও চলবে না। তিনি উল্লেখ করেন, “অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীত ভুলে গেলে দুই চোখ অন্ধ।” তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে গবেষণা ও আলোচনা চলবে, তবে এমন কিছু বলা যাবে না যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকাকে অতীতে খাটো করার চেষ্টা হয়েছে, কিন্তু তার অবদান অনস্বীকার্য। বিভিন্ন সময় তার লেখা প্রবন্ধেও স্বাধীন বাংলাদেশের জন্য তার প্রস্তুতির বিষয়টি উঠে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের পথে বড় বাধা সীমিত সম্পদ, তবে ঐক্য থাকলে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব। “আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন, কিন্তু সম্পদের সীমাবদ্ধতা আছে—তবুও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারব,” বলেন তিনি।
তিনি আরও যোগ করেন, সরকার গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী এবং সমাজের সকল শ্রেণির মানুষকে নিয়ে উন্নয়নের পথেই এগিয়ে যেতে চায়। স্বাধীনতা দিবসের অঙ্গীকার হিসেবে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দেশপ্রেম ধারণ করার আহ্বান জানান তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.