আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অতীতের জাতীয় নির্বাচনগুলোতে প্রতিটি ভোটকেন্দ্রে সাধারণত একজন অস্ত্রধারী পুলিশ দায়িত্ব পালন করতেন। কিন্তু এবার প্রথমবারের মতো প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে দুইজন অস্ত্রধারী পুলিশ এবং তিনজন অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে তিনজন অস্ত্রধারী পুলিশসহ মোট ছয়জন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রবিহীন (লাঠিসহ) ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য থাকবেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন, যা ভবিষ্যতের জন্য একটি রোল মডেল হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের নির্বাচনের উল্লেখযোগ্য নতুন দিকগুলোর মধ্যে রয়েছে—
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ
বডি ওর্ন ক্যামেরার ব্যবহার
সিসিটিভি স্থাপন
ড্রোন ও ডগ স্কোয়াডের ব্যবহার
এছাড়া প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউট সদস্যরাও সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবে।
নির্বাচনকে ঘিরে দেশজুড়ে দুই ধাপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথম ধাপে চলমান মোতায়েন অব্যাহত থাকবে এবং দ্বিতীয় ধাপে ভোটকেন্দ্রভিত্তিক মোতায়েন করা হবে, যা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন কার্যকর থাকবে।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।