জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর বিখ্যাত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’—এই শব্দগুচ্ছটি সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় মিম ও গ্রাফিক্স কার্ডে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতদিন বিষয়টি ছিল মূলত ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ। তবে এবার সেই ধারণা বাস্তব রূপ পেয়েছে পোস্টার ও ব্যানারের মাধ্যমে রাজপথে।
সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর স্কুল ও কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাকে কেন্দ্র করে নগরজুড়ে ঝুলে পড়া এক ব্যানার সবার দৃষ্টি কেড়েছে। ‘গেম অব থ্রোনস’-এর থিমে তৈরি এই ব্যানারটি নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় ব্যানারটি টানানো হয়েছে। ব্যানারের ওপর বড় অক্ষরে লেখা রয়েছে সিরিজের সেই আইকনিক সংলাপ ‘উইন্টার ইজ কামিং’। নিচে ডা. শফিকুর রহমানকে উপস্থাপন করা হয়েছে সিরিজের চরিত্র জন স্নো-এর আদলে। তার এক হাতে দেখা যায় দলের প্রতীক দাঁড়িপাল্লা। পাশে রয়েছে সিরিজের আরেকটি প্রতীকী অনুষঙ্গ—সাদা নেকড়ে বা ডায়ারউলফ। ব্যানারের নিচে লেখা, ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।
পশ্চিমা পপ কালচারের সঙ্গে দেশীয় রাজনীতির এই ব্যতিক্রমী মেলবন্ধন পথচারীদের কৌতূহলী করে তুলেছে। অনেকেই ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে বিষয়টি দ্রুতই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
তবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির জানিয়েছে, এই ব্যানারের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। এটি মূলত অতি উৎসাহী সমর্থকদের ব্যক্তিগত উদ্যোগ।
এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই এ ধরনের গ্রাফিক্স ভাইরাল হয়েছিল। সম্ভবত সেখান থেকেই কেউ প্রিন্ট করে ব্যানার বানিয়ে লাগিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই।’
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী সফরে রয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এই সফরকে ঘিরে নেতাকর্মীরা যেমন উজ্জীবিত, তেমনি ‘গেম অব থ্রোনস’ থিমের এই ব্যানারটি নেটিজেনদের মধ্যে তৈরি করেছে নতুন বিতর্ক ও সমালোচনা।