জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“অসৎ উদ্দেশ্যে শাপলা না দেওয়ার পক্ষে ইসি। কিন্তু শাপলা ছাড়া নিবন্ধন হবে না। অধিকারের প্রশ্নে পিছপা হবে না এনসিপি।”
তিনি আরও বলেন, শাপলা প্রতীক দিতে আইনি কিংবা রাজনৈতিক কোনো বাধা নেই, অথচ দুই ঘণ্টার বৈঠকেও ইসি কোনো আইনি ব্যাখ্যা দিতে পারেনি কেন শাপলা বরাদ্দ দেওয়া যাবে না।
এর আগে, গত ৭ অক্টোবর এনসিপি আবারও ইসিকে ‘শাপলা’ প্রতীকের দাবিতে চিঠি দেয়। চিঠির সঙ্গে জাতীয় প্রতীকের শাপলা থেকে ভিন্ন কয়েকটি ডিজাইনের নমুনা সংযুক্ত করা হয়। একইসঙ্গে, ইসির প্রস্তাবিত ৫০টি বিকল্প প্রতীকও দলটি প্রত্যাখ্যান করে।