নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, দেশের সব আসনের বিএনপি প্রার্থীই আসন্ন নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর আশঙ্কা করছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নেত্রকোনায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শুধু তিনি একা নন, বরং সারাদেশের বিএনপি প্রার্থীরাই মনে করছেন, নির্বাচন প্রক্রিয়ায় গোপন তৎপরতার মাধ্যমে ফল প্রভাবিত করার চেষ্টা হতে পারে। তার ভাষায়, “দীর্ঘদিন ধরে গুপ্ত অবস্থায় থাকা একটি সংগঠন নীরবে অনেক কাজ করছে—এমন আশঙ্কা আমাদের রয়েছে।”
তিনি আরও বলেন, লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশে জাল ব্যালট পেপার ও সিল তৈরির ঘটনা গণমাধ্যমে এসেছে, যা নির্বাচন ব্যবস্থার ওপর জনআস্থাকে প্রশ্নবিদ্ধ করে। এ অবস্থায় প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার আহ্বান জানান তিনি। অন্যথায় জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হলে আবারও আন্দোলনের পথে নামতে বাধ্য হতে পারে মানুষ—এমন সতর্কবার্তাও দেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “যে নির্বাচনের জন্য হাজারো মায়ের বুক খালি হয়েছে, রাজপথে রক্ত ঝরেছে—সে নির্বাচন যদি নিরপেক্ষ না হয়, তাহলে মানুষ আবারও অধিকার আদায়ে রাজপথে নেমে আসবে।” একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি নারী ভোটার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে। নেত্রকোনা-১ আসনের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বিরিশিরিতে শ্রমিকদের বিশ্রামের জন্য যে বাসস্ট্যান্ড রয়েছে, সেটিকে আরও শ্রমিকবান্ধব করে গড়ে তোলা হবে। ড্রাইভার ও হেল্পারদের হৃদরোগ ও ফুসফুসজনিত সমস্যার ঝুঁকি বেশি—এ বিষয়টি চিহ্নিত করা হয়েছে এবং তা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “শুধু কথা নয়, কাজের মাধ্যমেই আমি প্রমাণ করতে চাই।”
এলাকার শ্রমিকদের যেন কর্মসংস্থানের জন্য বাইরে যেতে না হয়, সে ব্যবস্থাও গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি, বাইরের শ্রমিকরাও যেন এই এলাকায় এসে কাজ করার সুযোগ পান, সে অনুযায়ী কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা হবে বলেও জানান ব্যারিস্টার কায়সার কামাল।
Leave a Reply
You must be logged in to post a comment.