ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান দ্রুত পাল্টা আঘাত হানে। শনিবার ভোরের পর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সামরিক বাহিনী ইসরাইলের রাজধানী তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায়।
আল জাজিরা ইসরাইলি সংবাদমাধ্যম হারেটজের বরাত দিয়ে জানিয়েছে, গত একদিনেই তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২০০ জনের বেশি বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে শহরের তিনটি হোটেলে আশ্রয় দেওয়া হয়েছে।
আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর আজও তেল আবিবে নতুন করে হামলা চালিয়েছে ইরান। শহরের বিভিন্ন এলাকায় বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজানো হয়। নাগরিকদের নিরাপদে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইসরাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রতিহত করার চেষ্টা করছে।
শুধু ইসরাইল নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ৩০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আবুধাবির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হয়েছেন।
যেসব ঘাঁটিতে হামলা হয়েছে বা হামলার চেষ্টা চালানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—
কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি
কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর
এ ছাড়া বাহরাইনের পর কাতারের দোহা এবং সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকেও বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য নতুন করে বড় সংঘাতের মুখে পড়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
Leave a Reply
You must be logged in to post a comment.