1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ইরানকে সহায়তায় প্রস্তুত রাশিয়া, বললেন প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২৫ Time View

যুক্তরাষ্ট্রের হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে রাশিয়া এবার প্রকাশ্যেই ইরানের পাশে দাঁড়াল। মস্কো সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের জনগণের পাশে থাকতে রাশিয়া প্রস্তুত। এই বার্তা এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশ পেয়েছে।

সোমবার (২৩ জুন) রাশিয়ার রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট ভাষায় বলেন, “ইরানের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে এই আগ্রাসন চালানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।”

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এ সময় পুতিনকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য। তিনি বলেন, “রাশিয়া প্রমাণ করেছে যে তারা ইতিহাসের সঠিক পাশে রয়েছে।” পাশাপাশি তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শুভেচ্ছাও পৌঁছে দেন রুশ প্রেসিডেন্টের কাছে।

ক্রেমলিন জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং সংঘাতে জড়িত পক্ষগুলোর সংখ্যা বেড়েছে। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “এখনও নিশ্চিত হওয়া যায়নি হামলার ফলে ইরানের স্থাপনাগুলোতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো তেজস্ক্রিয় ঝুঁকি তৈরি হয়েছে কি না।”

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়ে পুতিনকে আগাম কিছু জানাননি। তবে সামগ্রিক পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে সাধারণ আলোচনা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে মস্কো মধ্যস্থতাকারীর ভূমিকায় আগ্রহী বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র পেসকভ। তিনি বলেন, “আমরা রাজনৈতিক সমাধানের পক্ষে এবং সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতেই রাশিয়ার কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে।”

তবে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নির্ভর করছে ইরানের প্রয়োজন ও অবস্থানের ওপর বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss