রাজধানীতে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্তত ৪০ নেতাকর্মী আহত হন।
এই ঘটনায় তাত্ক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে নিন্দা জানিয়েছেন জামায়াতের নেতারা। সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন,
“তাদের ন্যায্য দাবি ছিল এবং আন্দোলন সুশৃঙ্খল ছিল। কিন্তু সরকারের পেটুয়া বাহিনী নির্মম হামলা চালিয়েছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং হামলাকারীদের বিচারের মুখোমুখি আনা প্রয়োজন।”
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“হাদির বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে, যা নিন্দনীয়। আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার দাবি রাখছি। ঢাকা-৮ এলাকায় এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।”
সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) শরিফ হাদির হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘে চিঠি পাঠানো হবে।
পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়ে শুক্রবার বিকেল পর্যন্ত চলেছে। কর্মসূচি চলাকালীন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ও ধস্তাধস্তি ঘটনায় আহত হয়েছেন অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.