ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
জামায়াত ও এনসিপিসহ কয়েকটি দল আজ বিকেলে রাজধানীর রমনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী তালিকা ঘোষণা করতে আগ্রহী। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস জোটে থাকবে কি না—সে বিষয়ে তারা দুপুরে নিজ নিজ দলের সর্বোচ্চ ফোরামে সিদ্ধান্ত নেবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
জোটের অভ্যন্তরে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হওয়ায় এই দুই দল আলাদা করে আলোচনা করছে। যদিও জামায়াত সংশ্লিষ্টরা বলছেন,
“সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দেশের বৃহত্তর স্বার্থে সবাই একসঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেবে।”
এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, মঙ্গলবারের (১৩ জানুয়ারি) মধ্যেই আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
গত বছরের সেপ্টেম্বর থেকে পাঁচ দফা দাবিতে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ৮টি রাজনৈতিক দল রাজপথে সক্রিয় ছিল। পরবর্তীতে গত ডিসেম্বরে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে এনসিপিসহ আরও চারটি দল জোটে যুক্ত হয়।
তবে সর্বশেষ যুক্ত হওয়া দলগুলোকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই জোটের ভেতরে টানাপোড়েন চলছিল।
জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াতে ইসলামী ১৮০ থেকে ১৯০টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্যান্য শরিক দলের প্রার্থীদের ছেড়ে দিতে চায়—এ নিয়েই মূলত আলোচনা ও মতবিরোধ চলছে।
আজকের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।