ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাঁর নির্দেশনা মেনে চলাই মানুষের একমাত্র মুক্তির পথ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ গেটে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বইমেলার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ধর্মমন্ত্রী বলেন, ইসলামকে সঠিকভাবে অনুসরণ করতে হলে কুরআন ও হাদিস সম্পর্কে জানা ও বোঝা অত্যন্ত জরুরি। এই বইমেলা থেকে কুরআন ও হাদিসভিত্তিক গ্রন্থ সংগ্রহ করে ইসলামের প্রকৃত শিক্ষা জানা সম্ভব হবে। তিনি বইমেলার সফল আয়োজনের জন্য ইসলামিক ফাউন্ডেশন, প্রকাশক, বিক্রেতা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, জুলুম ও অবিচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনকে দুর্নীতি ও ধর্ম ব্যবসা থেকে মুক্ত রাখার অঙ্গীকার করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি ইঙ্গিত করে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে হেফাজত করা মানেই দেশের হেফাজত করা। তিনি প্রধানমন্ত্রীকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মাওলানা শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন।
পরে ধর্মমন্ত্রী ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মাসব্যাপী এই বইমেলায় মোট ৬১টি স্টল রয়েছে। এখানে পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের মৌলিক ও গবেষণামূলক বই পাওয়া যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের স্টল থেকে বই কিনলে ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। কিছু নির্বাচিত বইয়ে আরও বেশি ছাড় পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.