অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশে ফেরার পর এই প্রথম ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে। সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বৈঠকটি শুরু হতে পারে। এ সময় বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।
সূত্র জানায়, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গত বছরের মে মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছিল বলে জানা যায়।
বিএনপি সূত্র আরও জানায়, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো উদ্বিগ্ন। নির্বাচনকে সামনে রেখে এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারম্যান।