দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এ বিষয়ে কোনো বিরোধ থাকার কথা নয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। এ সময় তিনি প্রয়াত বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য এবং এর মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সবার সহযোগিতা কামনা করে সংসদীয় নেতা বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো বিরোধ থাকতে পারে না, এখানে সবার ঐক্য প্রয়োজন।
বক্তব্যের শেষে তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেন–এর নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে সকাল ১১টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন-এর আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.