অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ বলে ঘোষণা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখেন।
গত বুধবারের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন,
গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতে গিয়ে সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী।
রিটকারী সিনিয়র আইনজীবী মহসিন রশিদের দাবি ছিল—
৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ায় তারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সে মতামত দেওয়ার অবস্থায় ছিলেন না। ফলে সরকারের শপথ ও গঠনের প্রক্রিয়া অবৈধ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে এই যুক্তি হাইকোর্ট আমলে নেয়নি। রিটটি আগেই খারিজ করেছিলেন আদালত, যা আজ আপিল বিভাগও বহাল রাখল।
অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা এ রিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষভুক্ত ছিলেন।