দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে বিদেশি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় এবং নিজস্ব প্রযুক্তিতে গবেষণা শুরু করার আহ্বান জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী মো. মাহমুদুল হাসান। মঙ্গলবার (২৪ মার্চ) জনস্বার্থে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, প্রতিবছর জাতীয় বাজেটের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা হলেও দেশের আকাশসীমা মিসাইল, ড্রোন বা বিমান হামলা থেকে সুরক্ষিত কি না—সে প্রশ্ন তোলার অধিকার জনগণের রয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, আধুনিক যুদ্ধের ধরন বদলে গেছে এবং বর্তমানে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি অনেক বেশি। বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশে এখনো একটি পূর্ণাঙ্গ ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি রয়েছে। ফলে সম্ভাব্য কোনো হামলার ক্ষেত্রে সামরিক স্থাপনার পাশাপাশি সাধারণ নাগরিকদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।
আঞ্চলিক প্রেক্ষাপটে মিয়ানমার-এর চলমান গৃহযুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়। পাশাপাশি উল্লেখ করা হয়, ভারত ইতোমধ্যে রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশকেও মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বা সমমানের চীনা প্রযুক্তি দ্রুত সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া বিদেশি নির্ভরতা কমাতে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা কার্যক্রম শুরু করাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ উল্লেখ করে নোটিশে বলা হয়, নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর আকাশ প্রতিরক্ষায় ঘাটতি সেই দায়িত্বের অবহেলা হতে পারে।
নোটিশে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট দায়ের করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.